পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আসর পিরোজপুর দি গোপালকৃষ্ণ টাউন ক্লাব টেনিস গ্রাউন্ডে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তারা হলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সাবেক ১ নম্বর সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু প্রমুখ।
বেগম খালেদা জিয়াকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় অধ্যক্ষ আলমগীর হোসেন আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি তার বক্তব্যে বলেন, "আমি বাবা হারিয়েছি, মা হারিয়েছি। আমি আমার নেত্রীকে মায়ের মতো শ্রদ্ধা ও ভালোবাসতাম। তাঁর কাছ থেকে আমি মায়ের মতোই মমতা পেয়েছি। আজ তাঁকে হারিয়ে মনে হচ্ছে এই দুনিয়াতে আমার আর কেউ রইল না।" এ সময় তিনি কান্নায় ভেঙে পড়লে উপস্থিত নেতাকর্মীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।
তিনি আরও বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল।"
তিনি দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
একই সঙ্গে তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবার এবং বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ইএইচ