বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল।
রোববার বিকেলে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে হিংগারপাড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কনকনে শীত উপেক্ষা করে এ দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো নারী-পুরুষ। শীতল হাওয়ার মাঝেও মাঠজুড়ে মানুষের ঢল নামে, যা প্রমাণ করে বেগম খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও আবেগ আজও অটুট।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শোকাবহ পরিবেশে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এবং পরে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিব কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসন, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনা এবং নিপীড়নমুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক, সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুল হাসান সামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় তারা আবেগভরা কণ্ঠে বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ত্যাগ, সাহস ও নেতৃত্ব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।” তারা তার বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
দোয়া পরিচালনা করেন গাইবান্ধা ওলামা দলের সদস্য সচিব কাজী মাওলানা আমজাদ হোসেন। পুরো দোয়া মাহফিল ঘিরে এলাকায় এক শোকাবহ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। চোখে-মুখে ছিল গভীর বেদনা ও শ্রদ্ধার ছাপ।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে দোয়া মাহফিল সম্পন্ন হলে উপস্থিত মুসল্লিরা নীরবে প্রার্থনায় অংশ নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
ইএইচ