বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত ৭ দিনব্যাপী শোক দিবসের শেষ দিনে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মো. নাছির আহম্মেদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন সরকার এবং মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি তাদের বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করা হয়।
মোনাজাত পরিচালনা করেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ক্বারী মো. হারুন উর রশীদ আজিজী।
ইএইচ