পিরোজপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৮:৩০ পিএম

পিরোজপুর কদমতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ আসর কদমতলা জর্জ হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২নং কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। 

এ ছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এলিজা জামান, কদমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম খাঁন, সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন শেখ, সহ-সভাপতি আব্দুর রহিম এবং সাংগঠনিক সম্পাদক মো. জালাল সেখ উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়াকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। বক্তারা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সাথে তারা মরহুমার শোকসন্তপ্ত পরিবার এবং বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।

ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।