কুড়িগ্রামে চরাঞ্চলের শীতার্তদের মাঝে চর উন্নয়ন কমিটির শীতবস্ত্র বিতরণ

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৪:২০ পিএম

কুড়িগ্রাম চর উন্নয়ন কমিটির উদ্যোগে সদর উপজেলার চরাঞ্চলের অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা ও গোয়াইলপুরী চরে দুই শতাধিক দুস্থ মানুষের হাতে এসব শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চর উন্নয়ন কমিটির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চর উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, কমিটির সদস্য সাংবাদিক মিজানুর রহমান এবং সদর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আখের।

এ সময় আরও উপস্থিত ছিলেন, যাত্রাপুর চর উন্নয়ন কমিটির লুৎফর রহমান মাস্টার, প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহমেদ, খাইরুল ইসলাম এবং মাদক প্রতিরোধ কমিটির সদস্য রেজাউল ইসলাম রেজা প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, "চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। কুড়িগ্রামের চরাঞ্চলবাসীর দীর্ঘমেয়াদি সংকট নিরসনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আদলে একটি পৃথক 'চর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়' গঠন এখন সময়ের দাবি।" 

তিনি অবিলম্বে এই দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর আহ্বান জানান।

ইএইচ