খুলনার রূপসা উপজেলায় আব্দুল রাশেদ বিকুল নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে রূপসা উপজেলার বাগমারা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত বিকুল খুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার আব্দুল আওয়ালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের বাগমারা কদমতলা বালুর মাঠ এলাকায় অবস্থানকালে বিকুলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পর পর তিনটি গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বিকুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজেদের অপরাধী চক্রের অভ্যন্তরীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। নিহত বিকুল স্থানীয় সন্ত্রাসী ‘বি কোম্পানি’র অন্যতম সক্রিয় সদস্য ছিলেন বলে অভিযোগ রয়েছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে বালুর মাঠে বিকুলকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার পর থেকে পুলিশ বিস্তারিত তথ্য সংগ্রহ এবং জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, খুলনায় সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যাকাণ্ডের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর আগে গত ১৮ ডিসেম্বর আড়ংঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এমদাদুল হক মিলনকেও একই কায়দায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। একের পর এক এমন ঘটনায় এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
জেএইচআর