রংপুর রিজিয়নের পক্ষে কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবি‍‍`র প্রেস ব্রিফিং

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৩:১৯ পিএম

রংপুর রিজিয়নের আওতাধীন এলাকায় নিয়োজিত সেক্টর ও অধীনস্ত ব্যাটালিয়নসমূহের মাধ্যমে সমন্বিত ও ধারাবাহিক অভিযানে ২০২৫ সালের ডিসেম্বর মাসে সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি’র কার্যক্রম তুলে ধরতে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

সোমবার দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ বিজিবি প্রধান দপ্তরে রংপুর রিজিয়নের পক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি। এ সময় তিনি বলেন, গত ডিসেম্বরে রংপুর রিজিয়নের আওতাধীন ১৫টি ব্যাটালিয়নের সেক্টর ও অধীনস্ত ব্যাটালিয়নের ১ হাজার ৬৬৯ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক মাসে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকসহ চোরাচালান পণ্য, ৬টি বিদেশি পিস্তলসহ ২৯ রাউন্ড গুলি এবং ৭০ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সংবাদ সম্মেলনে বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক আরও জানান, সীমান্তে উত্তেজনা কমানো ও নিরাপত্তা নিশ্চিত করতে ভারতীয় বিএসএফ এর সাথে ৫৩৭টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

এছাড়াও চোরাচালান ও মাদকের কুফল সম্পর্কে সীমান্তে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৫৬৩টি সচেতনতামূলক সভা এবং মানবিক কাজের অংশ হিসেবে দেড় হাজার শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জাল টাকা পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে রংপুর রিজিয়নের আওতাধীন বিজিবি ইউনিটসমূহ সর্বদা প্রস্তুত রয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত টহল, বিশেষ চেকপোস্ট স্থাপন ও সমন্বিত আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে। সংবাদ সম্মেলনে জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজিবি কর্তৃক জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৬৯১ বোতল ফেনসিডিল, ৯৬১ বোতল বিদেশি মদ, ৩ হাজার ৬৩৪টি ইয়াবা, ১৪০ কেজি গাঁজা, ২৬ হাজার ২৬৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৩ হাজার ১১৫ বোতল এসকফ সিরাপ, ২৬ হাজার ৮০৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ হাজার ২৩৫টি নেশাজাতীয় ইনজেকশন, ৩০৪ গ্রাম হেরোইন ও ৫৫ হাজার ৩২৪টি নেশাজাতীয় ট্যাবলেট।

এছাড়াও ১৬৪টি গরু এবং ৩৩টি ভারতীয় মহিষ উদ্ধারের পাশাপাশি জিরা, মোটরসাইকেল, বিভিন্ন প্রকার কসমেটিকস, কীটনাশক, কাপড়, বাইসাইকেল, কষ্টিপাথরসহ অন্যান্য চোরাচালানি পণ্য আটক করে বিজিবি। 

মানব পাচারের ঝুঁকিতে থাকা ১২ জন পুরুষ ও ৩ জন নারীকে উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করেছে বিজিবি।

ইএইচ