ফেনী জেনারেল হাসপাতালে হাই ডিপেনডেন্সি ইউনিট উদ্বোধন

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৬:০৬ পিএম

ফেনী জেনারেল হাসপাতালে নতুন করে ২০ শয্যার একটি হাই ডিপেনডেন্সি ইউনিট বা এইচডিইউ স্থাপন করা হয়েছে। এতে একদিকে হাসপাতালের সক্ষমতা বেড়েছে, অপরদিকে রোগীদের আরও উন্নত সেবা প্রদান করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার দুপুরে ফিতা কেটে বিশেষায়িত এই ইউনিট উদ্বোধন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালটির মেডিসিন বিভাগের প্রধান ডা. মাহতাব উদ্দিন আহমেদ, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. খালেদ মাহমুদ, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. রফিকুল ইসলাম, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মো. জামাল উদ্দিন, শিশু বিশেষজ্ঞ ডা. মো. নুরুল আফসার মামুন, নেফ্রোলজিস্ট ডা. মোহাম্মদ তানভীর মাহমুদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. শোয়েব ইমতিয়াজ নিলয় ও ডা. রোকন উদ দৌলাসহ অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ও এইচডিইউ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মাহতাব উদ্দিন আহমেদ জানান, এইচডিইউ সেবাটি চালু হওয়ায় এখন থেকে মেডিসিন, সার্জারি ও গাইনি বিভাগের নিবিড় পরিচর্যা প্রয়োজন এমন রোগীদের বিশেষায়িত সেবা দেওয়া সম্ভব হবে, যা সাধারণ ওয়ার্ডে সম্ভব ছিল না। 

বিশেষ করে কিডনি, হার্ট ও স্ট্রোকসহ জটিল রোগীদের এই ইউনিটে চিকিৎসা দেওয়া হবে। বর্তমানে ৫ জন কনসালট্যান্ট, ১২ জন নার্স এবং প্রয়োজনীয় সংখ্যক ওয়ার্ড বয় ও আয়া নিয়ে তারা কাজ শুরু করেছেন। সরকারি অনুমোদন সাপেক্ষে ভবিষ্যতে জনবল আরও বাড়ানো হবে।

ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ প্রতীক্ষিত এইচডিইউ ইউনিটটি ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে চালু করতে পেরেছি। এতে সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্যসেবার চাহিদা পূরণ হবে এবং হাসপাতালের প্রতি জনমনে আস্থা বাড়বে।

ইএইচ