আপনারা যদি মনে করেন এখন তো প্রশাসন দুর্বল হয়েছে, আমরা যা ইচ্ছে তাই করব তাহলে আপনাদের ভুল হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন অন্যান্য বারের তুলনায় এবার কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা অনুযায়ী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি।
বৃহস্পতিবার দুপুরে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া কোনো কিছুই সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। আপনারা আমাদের নির্বাচনের আগে যেভাবে সহযোগিতা করে আসছেন, এভাবেই সামনের দিনগুলোতে সহযোগিতা করবেন।
আমিনুল ইসলাম বলেন, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্বাচনী আচরণবিধি মেনে চললে আপনাদের জন্য ভালো। সেই সাথে আমরা যারা নির্বাচন বাস্তবায়নের জন্য কাজ করছি তাদের কাজেও সহজ হবে। এ সময় তিনি সিরাজগঞ্জ-৫ আসনসহ সকল আসনের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে সকলের সহযোগিতাও কামনা করেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, থানা অফিসার ইনচার্জ শেখ ফরিদ ও কৃষি কর্মকর্তা সুকান্ত ধর উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
এ ছাড়াও সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।
ইএইচ