সাভারে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় নবনির্মিত এ শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, মানসম্মত ও গুণগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক, নৈতিক ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে নৌবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, সাভারের পরিচিতি তুলে ধরা হয়।
এ সময় নৌবাহিনী প্রধান অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি তিনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও সফলতায় সরকারসহ সমাজের সর্বস্তরের সহযোগিতা কামনা করেন। পরবর্তীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন নৌবাহিনী প্রধান।
উল্লেখ্য, নৌবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘নৌবাহিনী অ্যাংকোরেজ স্কুল অ্যান্ড কলেজ, খুলনা’ জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।
এছাড়া থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে ‘নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা’ এবং ‘বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, কাপ্তাই’। এসব অর্জন দেশের শিক্ষা বিস্তারে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্ববোধ ও অবদানের গৌরবোজ্জ্বল স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ইএইচ