রাকসু জিএসের মানসিক চিকিৎসার দাবি ছাত্রদল নেতার

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৭:০১ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবি তুলেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতা। 

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনসংলগ্ন প্যারিস রোডে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে রাবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ক্যাম্পাসের সার্বিক পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে রাকসু জিএসকে দ্রুত পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। 

বিকল্প হিসেবে তাকে পরিবারের জিম্মায় দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে শাকিলুর রহমান সোহাগ অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে রাকসু জিএসের কর্মকাণ্ড ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করছে। 

তিনি দাবি করেন, রাজনৈতিক ব্যানার অপসারণের মাধ্যমে একটি পক্ষকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উসকানি দেওয়া হয়েছে। এ ধরনের আচরণ অব্যাহত থাকলে ছাত্রদল কঠোর কর্মসূচির দিকে যেতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

এ সময় রাবি শাখা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, রোববার ক্যাম্পাসে টাঙানো তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজশাহী জেলা জিয়া পরিষদের একটি ব্যানার খুলে ফেলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। ওই ঘটনাকে কেন্দ্র করেই সোমবার ছাত্রদলের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।

ইএইচ