ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মাগুরা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভার প্রতিপাদ্য ছিল “গণভোট ২০২৬, সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে”।
সভায় প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা, মাননীয় উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।
তিনি বলেন, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনই গণতন্ত্রের শক্ত ভিত। ভোটের মাধ্যমেই জনগণ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং সেই সুযোগ নিশ্চিত করতে সরকার ও প্রশাসন পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
সভায় সভাপতিত্ব করেন মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা। তিনি জানান, মাগুরা জেলায় মোট ৩০১টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের জন্য বডি ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে মাঠে থাকবে।
জেলা প্রশাসক আরও বলেন, ভোটারদের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দিতে উঠান বৈঠক, মতবিনিময় সভা এবং ডোর টু ডোর সচেতনতামূলক কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে ভোটারদের নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
সভায় উপস্থিত ছিলেন, ইমতিয়াজ হোসেন, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার; শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; মো. আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মাগুরা; ফারাজী বেনজীর আহম্মেদ, জেলা নির্বাচন অফিসার; মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার, মাগুরা। এছাড়াও মাগুরা আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল আনন্দ মোস্তফা মিশু, মেজর সাফিন আহমেদ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন সরকারি ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভা শেষে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের দিকনির্দেশনা ও জেলা প্রশাসনের সমন্বিত প্রস্তুতির মাধ্যমে মাগুরায় গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে।
ইএইচ