নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মুছারচর এলাকা থেকে নিখোঁজ হওয়া এক প্রতিবন্ধী অটোচালকের কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে মুছারচর উত্তর পাড়া এলাকার রাস্তার ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিখোঁজের পর নৃশংস হত্যাকাণ্ড নিহত সোহেল উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সোহেল তাঁর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ৮টার পর থেকে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। আজ সকালে স্থানীয়রা রাস্তার পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পরিবারে শোকের ছায়া সোহেলের স্ত্রী রাজিয়া আক্তার কান্নায় ভেঙে পড়ে এই নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করেছেন। নিহতের দুটি কন্যাসন্তান রয়েছে লামিয়া (১৫) ও সুরাইয়া (১০)। প্রতিবন্ধী সোহেলই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর অকাল মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা।
তদন্তে পুলিশ সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাঁকে হত্যা করে মরদেহ নির্জন রাস্তায় ফেলে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।
জেএইচআর