মাদকের হটস্পট খ্যাত বেদেপল্লীতে যৌথবাহিনীর অভিযান, নারীসহ আটক ৩

আলী রেজা রাজু, সাভার প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ০২:৪৩ পিএম

ঢাকার সাভারের বহুল আলোচিত মাদকের আখড়া বেদে পল্লীতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে ভেঙে পড়েছে মাদক সিন্ডিকেটের শক্ত ঘাঁটি। 

বুধবার সকালে সাভার পৌর এলাকার বেদে পল্লীতে চালানো এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ অর্থ ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

অভিযান চলাকালে দুই নারীসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে যৌথ বাহিনী। 

অভিযানে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনী, সাভার উপজেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। 

যৌথ বাহিনী জানায়, বেদে পল্লীতে প্রকাশ্যেই মাদক বেচাকেনা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় মাদক কারবারিদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে যৌথ বাহিনী। 

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরেই বেদে পল্লী মাদক কারবারিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছিল। যৌথ বাহিনীর এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরলেও মাদকের স্থায়ী নির্মূলের দাবি জোরালো হয়েছে।

ইএইচ