ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী ড. সাইদুজ্জামান কামাল হরিণ প্রতীক পাওয়ায় বাঞ্ছারামপুরে তার সমর্থিত নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।
শুক্রবার দুপুরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাজারো নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে এ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তিনি।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন সজল, পুলিশের গুলিতে নিহত শহিদ মো. নয়ন মিয়ার পিতা মো. রহমতুল্লাহ, ড. মোহাম্মদ কামারুল হক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক জাতিসংঘ কর্মকর্তা ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি ড. সাইদুজ্জামান কামাল বলেন, বাঞ্ছারামপুরের তৃণমূল জনগণের আশা-আকাঙ্ক্ষা ও ভালোবাসায় আজ আমি সিক্ত। এই ভালোবাসা আমাকে নতুন করে অনুপ্রেরণা দিয়েছে।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাঞ্ছারামপুরের জনসাধারণ হরিণ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী। আজ বাঞ্ছারামপুরবাসী যে ভালোবাসা দেখিয়েছেন, তাতে আমি আবেগে আপ্লুত। ইনশাআল্লাহ, এই ভালোবাসার প্রতিফলন ভোটের মাধ্যমে দেখা যাবে।
ড. কামাল বলেন, আমি ১৯৮০ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। যে বয়সে ব্যক্তিগত জীবন গড়ার কথা ছিল, সেই সময় আমি ছাত্রদলের রাজনীতির জন্য উৎসর্গ করেছি। তৃণমূলের জনগণ সেই ত্যাগের মূল্যায়ন করবেন বলেও আমি আশাবাদী ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বাঞ্ছারামপুর শহিদ নয়ন ও সুজনের রক্তে ভেজা। এই জনপদের মানুষের সমর্থনে হরিণ প্রতীকের বিজয় ছিনিয়ে আনতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
ইএইচ