সাভারে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা ব্যর্থ, পুলিশের তৎপরতা বৃদ্ধি

আলী রেজা রাজু, সাভার (ঢাকা) প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১২:৩৭ পিএম

সাভারের একটি আঞ্চলিক সড়কে গভীর রাতে গাছ ফেলে ডাকাতির চেষ্টা ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা নসাৎ করে দিয়েছে পুলিশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যেই এই কর্মকাণ্ড চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার ভোররাতে সাভার মডেল থানাধীন বিরুলিয়া আঞ্চলিক সড়কের কালিয়াকৈর এলাকায় এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সড়কে গাছ ও ডালপালা ফেলে চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এবং পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে। একপর্যায়ে ৩ থেকে ৪ জন যুবককে সড়কে গাছ ফেলে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে দেখা যায়।

পুলিশের দ্রুত পদক্ষেপ খবর পাওয়ার পরপরই সাভার মডেল থানা পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা দ্রুত পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে সড়ক থেকে গাছ ও ডালপালা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পরবর্তীতে ঘটনার একটি ভিডিও শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিরাপত্তা জোরদার ও অভিযান এই ঘটনার পর ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোায়েনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বিত টহল শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

পুলিশের বক্তব্য সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, ভোরে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আশপাশের এলাকায় তাৎক্ষণিক অভিযান চালানো হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে আমাদের তল্লাশি অব্যাহত রয়েছে। নাশকতামূলক কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

জেএইচআর