আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযানে একটি ইউএসএ তৈরি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য যাতে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা ও নজরদারি বাড়ানো হয়েছে।
এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী মোগলহাট বিওপির নিকটবর্তী মুনিয়ারচর ফলিমারি এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় পলিথিনে মোড়ানো অবস্থায় মালিকবিহীন একটি ইউএসএ তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমনিরহাট সদর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন করছে।
তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ তিনটি সংসদীয় আসনের পাঁচটি উপজেলায় মোট ১৯ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে।
ইএইচ