বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী শুক্রবার রাজনৈতিক সফরের অংশ হিসেবে ফেনীতে আসছেন।
জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আবদুর রহিম বিষযটি নিশ্চিত করে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে ১১ দল সমর্থিত দাঁড়িপাল্লা ও ঈগল প্রতীকের নির্বাচনী জনসভায় যোগ দিতেই ফেনী সফরে আসছেন তিনি।
এদিন ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এ জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
দলীয় সূত্র জানা যায়, শুক্রবার সকাল ৮টা থেকে জনসভা শুরু হবে। ফেনী-১ আসনের প্রার্থী এসএম কামাল উদ্দিন, ফেনী-২ আসনের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু এবং ফেনী-৩ আসনের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিকের সমর্থনে এ জনসভার আয়োজন করা হয়েছে।
সভায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি আবু তাহের মোহাম্মদ মাসুম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম ও চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি অংশ নেবেন।
ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন, জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। জামায়াতের আমিরের নির্দেশনা অনুযায়ী দাঁড়িপাল্লা ও ঈগল প্রতীকের প্রার্থীকে জয়ী করতে নেতাকর্মীরা কাজ করবে।
এ সমাবেশের মাধ্যমে নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবে। সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
ইএইচ