নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১২:৪৪ পিএম

নরসিংদীর বেলাবোতে নিখোঁজের তিন দিন পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ও পোল্ট্রি ব্যবসায়ী আজিমুল কাদের ভূঁইয়ার (৪০) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বাজনা ইউনিয়নের বীর বাঘবের গ্রামের একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আজিমুল কাদের ভূঁইয়া ওই গ্রামের মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি বেলাবো উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণ পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে নিজের পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আজিমুল। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে পরদিন বুধবার বেলাবো থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নিহতের ভাগ্নে মো. উমর ফারুক। বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয়রা একটি ডোবায় বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

রহস্যময় দুই শ্রমিক ও নিখোঁজ মুরগি স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে নিজের খামারে কাজ করার জন্য রুবেলসহ দুই শ্রমিক নিয়োগ দিয়েছিলেন আজিমুল। আজিমুল নিখোঁজ হওয়ার পর থেকেই ওই দুই শ্রমিকেরও আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি খামারে থাকা সব মুরগিও উধাও হয়ে গেছে। শ্রমিকদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় নিহতের পরিবার বা এলাকাবাসী কেউ নিশ্চিত করতে না পারায় বিষয়টি আরও রহস্যময় হয়ে উঠেছে।

বেলাবো থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন বলেন, নিখোঁজের জিডি পাওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছিল। বৃহস্পতিবার রাতে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

জেএইচআর