সারাদেশে সম্প্রতি দেওয়া একটি আদালতের রায়ের প্রতিবাদে বিভিন্ন দাবিতে মাগুরায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
শনিবার দুপুর ১২টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। পরে জেলা প্রশাসকের দপ্তরে স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক আদালতের রায়ে বিএসসি ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেডে ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত পদে আবেদনযোগ্যতা দেওয়ায় ডিপ্লোমা প্রকৌশলীরা বৈষম্যের মুখে পড়ছেন। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনাসহ তারা মোট ১০ দফা দাবি উত্থাপন করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ন্যূনতম ৩৩ শতাংশ আসনে ভর্তি নিশ্চিত করা, তিন বছর অভিজ্ঞতাসম্পন্ন ডিপ্লোমা প্রকৌশলীদের ৯ম গ্রেডে আবেদন করার সুযোগ পুনর্বহাল, বিভিন্ন সরকারি দপ্তরের ১০ম গ্রেডের পদে ডিপ্লোমা প্রকৌশলীদের আবেদনাধিকার নিশ্চিত করা এবং প্রকৌশল ও জেনারেল শিক্ষার ক্ষেত্রে ক্রেডিট আওয়ারের ভিত্তিতে ন্যায্য সমতা নির্ধারণ।
এ ছাড়া জেনারেল ক্যাডারে প্রকৌশলীদের প্রবেশের বিষয়ে সীমাবদ্ধতা আরোপ, ডিপ্লোমা ও ডিগ্রি প্রকৌশলীদের পরিচয় ব্যবহারে সমতা নিশ্চিত করা, উচ্চশিক্ষায় ক্রেডিট আওয়ার বিবেচনায় ডিপ্লোমা শিক্ষার্থীদের সুযোগ প্রদান এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষার কারিকুলাম ও মেম্বারশিপ বিষয়ে সরকারের সরাসরি দায়িত্ব গ্রহণের দাবিও জানানো হয়।
মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি মাজারুল ইসলাম তন্ময়ের সভাপতিত্বে এ কর্মসূচিতে ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
আয়োজকেরা জানান, দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করা হয়েছে।
ইএইচ