মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের পাশাপাশি দুটি মাঠ থেকে চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে।
শনিবার রাতের কোনো এক সময় গ্রামের ব্যাঙগাড়ি ও কুশিয়ারা মাঠে বৈদ্যুতিক খুঁটি থেকে এগুলো চুরি হয়। ট্রান্সফরমার চুরির এ ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকেরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাঙগাড়ি ও কুশিয়ারা মাঠের কয়েকটি বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে আবাদ করেন গ্রামের কৃষকেরা। গত রাতে লোহার রড, শিকল ও তালা কেটে রঘুনাথপুর গ্রামের কুশিয়ারা মাঠে মোহাম্মদ জিয়ার তিনটি ও ব্যাঙগাড়ি মাঠে মাহাবুল ইসলামের একটি সেচ পাম্পের ট্রান্সফরমার খুঁটি থেকে নামানো হয়। এ সময় ট্রান্সফরমারের ভেতর থেকে তামার তারসহ মূল্যবান সরঞ্জাম বের করে কভার ফেলে রেখে যায় চোরেরা।
শনিবার সকালে কৃষকেরা মাঠে সেচ দিতে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় কয়েক শ কৃষকের জমির সেচ কাজ বন্ধ হয়ে পড়েছে।
কৃষক জিয়া বলেন, সকালে এসে দেখি ট্রান্সফরমারের কভারগুলো মাটিতে পড়ে আছে। লোহার রড, শিকল ও তালা দিয়ে আটকে রেখেও শেষ রক্ষা হলো না। এর আগেও গাংনী ও হিজুলি গ্রামে একইভাবে চুরি হয়েছে কিন্তু চোর ধরা পড়েনি। এভাবে চলতে থাকলে আবাদ করা অসম্ভব হয়ে পড়বে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর শনাক্ত এবং ট্রান্সফরমার উদ্ধারের চেষ্টা চলছে।
ইএইচ