আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ীতে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাদাত রত্নর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আফিয়া আক্তার। তিনি বলেন, সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে সুন্দর নির্বাচনের বিকল্প নেই। আইন আপনাদের যতটুকু ক্ষমতা দিয়েছে, সেটি ব্যবহার করে সর্বোচ্চ নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করবেন।
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার নাইমুল হাসান, সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাম, জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মুতাওক্কীল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম।
ভোট গ্রহণ কর্মকর্তাদের সতর্ক করে জেলা প্রশাসক বলেন, ‘আপনাদের সব খবর গোয়েন্দা সংস্থার কাছে আছে। এখন থেকে আপনারা কোথাও দাওয়াতে যাবেন না। ভোটকেন্দ্রে কারও দেওয়া খাবার খাবেন না। প্রয়োজনে রোবটের মতো নিরপেক্ষ হয়ে যাবেন। নিজেদের মতো রান্না করে অথবা হোটেলে অর্ডার করে খাবার সংগ্রহ করবেন।’
তিনি আরও বলেন, ভোটের আগের দিন প্রয়োজনীয় জিনিসের চেকলিস্ট তৈরি করে নিতে হবে। মোবাইল ফোন সবসময় খোলা রাখতে হবে এবং কোনো সমস্যা হলে দ্রুত কর্তৃপক্ষকে জানাতে হবে। গত বছরগুলোর নির্বাচনের পুনরাবৃত্তি যেন আর না হয় এবং আগের সব তিক্ত স্মৃতি ভুলে ভালো অভিজ্ঞতা কাজে লাগিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
ইএইচ