জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বৈষম্যহীন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে মহেশপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি মহেশপুর শাখার কর্মকর্তা-কর্মচারীরা ব্যানার ও ফেস্টুন হাতে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন। বক্তারা বলেন, ৯ম পে স্কেলের সুপারিশ থাকা সত্ত্বেও গেজেট প্রকাশ না হওয়ায় কর্মচারীরা হতাশ, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বর্তমান বেতন কাঠামো দিয়ে পরিবার পরিচালনা ক্রমেই কঠিন হয়ে উঠছে। তারা দ্রুত গেজেট প্রকাশ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান।
উল্লেখ্য, ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা সারাদেশে একযোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
এএন