মাগুরায় ৯ম পে-স্কেলের দাবিতে জেলা প্রশাসনের কর্মচারীদের মানববন্ধন

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১২:৫২ পিএম

বৈষম্যহীন ৯ম পে-স্কেল প্রজ্ঞাপন জারি ও দ্রুত বাস্তবায়নের এক দফা দাবিতে মাগুরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলা প্রশাসনের কর্মচারীরা।

বৃহস্পতিবার বেলা ১১.৩০ মিনিটে মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা প্রশাসনের বিভিন্ন শাখা ও অধিভুক্ত দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। ব্যানারে লেখা ছিল, ‘বৈষম্যহীন ৯ম পে-স্কেলের জন্য প্রজ্ঞাপন ও বাস্তবায়নের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন–২০২৬’। এ সময় তাঁরা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

বক্তারা বলেন, সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন ৯ম পে-স্কেল এখনো প্রজ্ঞাপন আকারে জারি না হওয়ায় মাঠপর্যায়ের কর্মচারীরা দীর্ঘদিন ধরে আর্থিক ও পেশাগত বৈষম্যের শিকার হচ্ছেন। একই দায়িত্ব ও কাজের ধরন থাকা সত্ত্বেও বিভিন্ন দপ্তরের কর্মচারীদের মধ্যে বেতন কাঠামোয় অসামঞ্জস্য রয়ে গেছে, যা প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।

তাঁরা আরও বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে। তবে সাধারণ মানুষের ভোগান্তি হয়, এমন কোনো কর্মসূচি নেওয়া হবে না বলেও জানান তাঁরা।

মানববন্ধন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

এএন