বাকেরগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

সাইফ আহমেদ বাবু প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:৫৯ পিএম

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জব্বার সিকদারের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। 

গত মঙ্গলবার ভোররাতে উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালঘুনি গ্রামে এই ঘটনা ঘটে। তবে কে বা কারা এই অগ্নিসংযোগ করেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার সিকদারের ভাইপো ইয়াছিন সিকদার জানান, গত সোমবার দুপুরে তিনি যখন বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন পোড়া গন্ধ পান। কাছে গিয়ে দেখেন ঘরের জানালার কাঁচ খোলা এবং ভেতরে থাকা খাট, একটি বাতানুকূল যন্ত্র বা এয়ারকুলার এবং একটি এলইডি টেলিভিশন পুড়ে ছাই হয়ে গেছে।

জব্বার সিকদারের পরিবার জানায়, গত ৫ আগস্টের পর থেকে ওই বাড়িতে কেউ থাকতেন না। বাড়িটি সম্পূর্ণ খালি থাকার সুযোগে দুর্বৃত্তরা জানালার কাঁচ খুলে ভেতরে আগুন ধরিয়ে দেয়। এতে লক্ষাধিক টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা (ওসি) কেএম সোহেল রানা জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

জেএইচআর