তালায় সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৩:১১ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

শুক্রবার বেলা ১১টায় তালা উপজেলায় জামায়াতের প্রধান নির্বাচনী অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক খান নাজমুল হকের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, আগামী নির্বাচনে কালো টাকা ও ভোট ডাকাতি করে যেন কেউ ক্ষমতা দখল করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের সত্যের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

নির্বাচন-পরবর্তী সহিংসতা মোকাবিলায় সব ধর্মের মানুষের পাশে থাকার অঙ্গীকার করে জামায়াত প্রার্থী বলেন, আমি নির্বাচিত হলে তালা ও কলারোয়া প্রশাসনকে সাথে নিয়ে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। 

এ সময় তিনি নির্বাচিত হলে পাটকেলঘাটাকে পূর্ণাঙ্গ উপজেলা এবং তালাকে পৌরসভায় রূপান্তর করার প্রতিশ্রুতি দেন।

মতবিনিময় সভায় জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ডা. মাহমুদুল হক, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ইএইচ