লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা শাখা শুক্রবার ও শনিবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, রংপুরের তারাগঞ্জ এলাকার মো. খাদেমুল ইসলামের ছেলে মো. তুহিন ইসলাম (৩০), লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী এলাকার মো. সাদেকুল ইসলাম শাওন (৩৬), কালীগঞ্জ উপজেলার শিমুল মিয়া (২৮) ও একই উপজেলার লতাবর গ্রামের হাবিবুর রহমান (২৭)।
ডিবি পুলিশ জানায়, হাতীবান্ধা থানাধীন দোয়ানী পুলিশ ক্যাম্পের সামনের চেকপোস্টে প্রথমে তুহিন ও সাদেকুলকে একটি রেজিস্ট্রেশনবিহীন পালসার মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে কালীগঞ্জের কাকিনা ইউনিয়নে অভিযান চালিয়ে শিমুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তী অভিযানে লতাবর গ্রাম থেকে হাবিবুর রহমানকে গ্রেপ্তার ও তার বাড়ি থেকে একটি হোন্ডা শাইন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করত। এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা প্রক্রিয়াধীন এবং পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ইএইচ