আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টাঙ্গাইলের মধুপুরে সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচনের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে আলোচনা করেন সেনাবাহিনীর জেলা নির্বাচনী সমন্বয়ক মেজর ইউসুফ।
সভায় মেজর ইউসুফ বলেন, ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিরাপত্তার জন্য সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ, বিজিবি, আনসার ও র্যাব-১২ এর পাশাপাশি সেনা টহল দল মাঠে কাজ করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে।
মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রগতির আলো সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আ. আজিজ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. আব্দুল হামিদ, মো. আনছার আলী, মেজবাহ উদ্দিন, এস এম শহীদ, লিটন সরকার, নাজিবুল বাশার, জাহিদুল কবির জুয়েল, নাজমুল হক, আব্দুল মোমেন, আব্দুল জলিল ও আফাজ উদ্দিন সুমনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময় সভায় একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানায় সেনাবাহিনী।
ইএইচ