নীলফামারীতে জামায়াতের বিশাল নারী মিছিল

আল আমিন, নীলফামারী প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:৪০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারীতে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী নারী মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সকালে নীলফামারী বড় বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এ মিছিলের অগ্রভাগে ছিলেন নীলফামারী-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।

মিছিল শেষে বড় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা মহিলা জামায়াতের সভানেত্রী সেলিনা বেগম, সহকারী সেক্রেটারি নাহিদ আক্তার ও রাকসুর মহিলা বিষয়ক সম্পাদিকা সৈয়দা হাফসা।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফের বিজয়ে নারী ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।

এর আগে সকাল ৯টা থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতে ইসলামীর নারী কর্মী ও সমর্থকরা রিকশা, ভ্যান, অটো ও পায়ে হেঁটে বড় বাজারে জড়ো হতে থাকেন। এক ঘণ্টার মধ্যে বড় বাজার, ফায়ার সার্ভিস মোড় ও কিচেন মার্কেটসহ আশপাশের পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর মিছিল শুরু হলে শহরের প্রধান সড়কে নারীদের দীর্ঘ উপস্থিতি লক্ষ্য করা যায়।

ইএইচ