খাগড়াছড়ি জেলার মাটিরাঙায় ২০২৫-২০২৬ অর্থবছরের পার্বত্য জেলা পরিষদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের হলুদের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে মাটিরাঙা উপজেলা কৃষি অফিসের সামনে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মাটিরাঙা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও মাহমুদুর রহমান কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন।
মাটিরাঙা উপজেলা কৃষি কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম রানা এবং মাটিরাঙা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইউনুছ নুর।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই প্রণোদনা কর্মসূচির আওতায় তালিকাভুক্ত মোট ৮০ জন কৃষককে সহায়তা দেওয়া হয়েছে। প্রতিজন কৃষককে উন্নত জাতের ১০০ কেজি হলুদের বীজ, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।
উপকারভোগী কৃষকরা জানান, সময়মতো উন্নত জাতের বীজ ও সার হাতে পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। এতে তাদের উৎপাদন খরচ যেমন কমবে, তেমনি অধিক ফলন পাবেন বলেও তারা আশা প্রকাশ করছেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদুর রহমান বলেন, সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাহাড়ি অঞ্চলে মসলা জাতীয় ফসলের উৎপাদন বাড়াতে এবং কৃষকদের স্বাবলম্বী করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদানের নির্দেশ দেন।
জেএইচআর