বিজিবি মহাপরিচালক

নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে বাহিনী প্রস্তুত

আশিকুজ্জামান লিমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:৪৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে সাতক্ষীরার শ্যামনগর সফর করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। 

সোমবার তিনি শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা করেন।

সমন্বয় সভায় বিজিবি মহাপরিচালক বলেন, ‘বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচন উপলক্ষে অর্পিত সকল দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। ভোটাররা যাতে নিরাপদ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য বাহিনীর সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।’

বিজিবি প্রধান জানান, দেশের সীমান্ত এলাকা নিরাপদ রেখেই সারা দেশের ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরসহ সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এ ছাড়া সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি বিবেচনায় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ), র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যাট), বিশেষায়িত ডগ স্কোয়াড, ড্রোন ও বডি-অন ক্যামেরা ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে।

সভায় সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, র‍্যাব ও পুলিশের কর্মকর্তারা ছাড়াও বিজিবির যশোর রিজিয়ন ও খুলনা সেক্টরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমন্বয় সভা শেষে বিজিবি মহাপরিচালক বেইজ ক্যাম্পে দায়িত্বরত সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় যশোর রিজিয়ন কমান্ডার, খুলনা সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কগণ উপস্থিত ছিলেন। 

বিজিবি মহাপরিচালক বলেন, ‘নির্বাচনের মাত্র দুই দিন বাকি। সামনের দিনগুলোতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে।’ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি শক্ত হাতে মোকাবিলার জন্য তিনি বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ইএইচ