উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাঘাইছড়ি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৭:৪৪ পিএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। 

সোমবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি নিজেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি ও বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মজুমদার।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিটন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজটি বাঘাইছড়িতে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে এবং এটি অভিভাবক ও শিক্ষার্থীদের প্রিয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী এবং বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ইএইচ