টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে দুই কর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে শহরের পৌর উদ্যান ও সাবালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের মরদেহ পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
নিহতরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের চর পাকুল্লা দক্ষিণপাড়া গ্রামের জোনাব আলী ও একই উপজেলার ছোনাট গ্রামের জিয়াউর রহমান।
নিহতদের স্বজনরা জানান, সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী মিছিল ও জনসভা চলছিল। সেখানে যোগ দিয়ে স্লোগান দেওয়ার সময় জোনাব আলী অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে একই মিছিল সাবালিয়া এলাকা অতিক্রম করার সময় জিয়াউর রহমান অসুস্থ হয়ে পড়েন। তাকেও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের দাবি, জিয়াউর রহমানের হার্টে সমস্যা ও ডায়াবেটিস ছিল।
হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল জানান, সোমবার তার গণমিছিল ছিল। সেখানে উপজেলার প্রত্যেক এলাকা থেকে লোকজন এসেছিলেন। মিছিল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে তার দুই কর্মী মৃত্যুবরণ করেছেন। তাদের পরিবারের প্রতি তিনি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
ইএইচ