ডিজিটাল পাহারায় টাঙ্গাইল

সিসি ক্যামেরার নজরদারিতে সহস্রাধিক কেন্দ্র

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৩:৩৭ পিএম

আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে টাঙ্গাইল জেলার ৮টি আসনে এখন উৎসবের আমেজ। তবে এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত দিক হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তার আধুনিকায়ন। ভোটকেন্দ্রের স্বচ্ছতা নিশ্চিতে জেলার ১ হাজার ৬৩টি ভোটকেন্দ্রেই সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আস্থার সঞ্চার করেছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন। এই বিশাল জনগোষ্ঠীর ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্ন করতে মোট ৬ হাজার ৩৪১টি ভোটকক্ষ বা বুথ প্রস্তুত করা হয়েছে। নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সিসি ক্যামেরাগুলো ভোট জালিয়াতি রোধে ‘ওষুধের’ মতো কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেলার ১৬০টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ৯০৩টি কেন্দ্র সাধারণ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে ঝুঁকিপূর্ণ হোক বা সাধারণ প্রতিটি কেন্দ্রের প্রবেশপথ এবং সবকটি বুথে মোট ২ হাজার ৩৬০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এর মাধ্যমে প্রতিটি মুভমেন্ট সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

রিটার্নিং অফিসারের কার্যালয়ে একটি কেন্দ্রীয় কন্ট্রোল রুমের মাধ্যমে এই ক্যামেরাগুলোর ফুটেজ সরাসরি মনিটর করা হবে। যদি কোনো কেন্দ্রে গোলযোগ, কেন্দ্র দখল বা পেশিশক্তির ব্যবহার দেখা যায়, তবে সিসি ক্যামেরার প্রমাণের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আধুনিক এই প্রযুক্তি ব্যবহারের ফলে অনিয়মকারীদের শনাক্ত করা সহজ হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত জানান, প্রযুক্তির এই ব্যবহার কেবল অপরাধ দমন নয় বরং নির্বাচনের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতেও মাইলফলক হয়ে থাকবে। ফুটেজ দেখে প্রয়োজনে ভোট গ্রহণ স্থগিত করার মতো কঠোর সিদ্ধান্তও নেওয়া হতে পারে। এই ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার সাহস জোগাবে।

টাঙ্গাইলের ৮টি আসনে পুরুষ ভোটারের সংখ্যা ১৬ লাখ ৭১ হাজার ৬৩০ জন এবং নারী ভোটার ১৬ লাখ ৬২ হাজার ৭৭২ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৫ জন। বিপুল সংখ্যক এই ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ ভোটাররা।

জেএইচআর