ইউএনও 

সাভার উপজেলার ৪৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা 

আলী রেজা রাজু, সাভার প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:০২ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভার উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম। এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার অভিযোগ পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, সাভার উপজেলায় মোট তিনটি সংসদীয় আসনের অংশ রয়েছে। এর মধ্যে একটি পূর্ণাঙ্গ এবং দুটি আংশিক আসন। ঢাকা-১৪ আসনে সাভার উপজেলার দুটি ইউনিয়ন ও ২০টি ভোটকেন্দ্র রয়েছে। ঢাকা-২ আসনে রয়েছে তিনটি ইউনিয়ন ও ৪৬টি ভোটকেন্দ্র।

অন্যদিকে ঢাকা-১৯ সংসদীয় আসনে সাভার উপজেলার সবচেয়ে বেশি ভোটকেন্দ্র অবস্থিত। এ আসনে প্রায় ২৭৫টি ভোটকেন্দ্রে নির্বাচন কার্যক্রম পরিচালিত হবে। পুরো উপজেলায় মোট ৪৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার বড় একটি অংশ ঢাকা-১৯ আসনের অন্তর্ভুক্ত।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনটি ইউনিটের অধীনে প্রায় ১০টি টিম মাঠে কাজ করছে। নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে সার্বিক পরিস্থিতি তদারকি করা হচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বিজিবির তিনটি টহল ইউনিট, র‍্যাবের দুটি ইউনিট, ডিবি পুলিশ, সাভার ও আশুলিয়া থানার সদস্যদের নিয়ে একাধিক মোবাইল টিম দায়িত্ব পালন করছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও মাঠে সক্রিয় রয়েছেন। সব মিলিয়ে পাঁচ থেকে ছয় হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রয়োজনীয় সব নিরাপত্তা প্রটোকল বাস্তবায়নের কথা জানিয়েছে প্রশাসন।

ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, “আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। আমরা আশা করছি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে। আইনশৃঙ্খলার অবনতির কোনো আশঙ্কা বর্তমানে নেই।”

এএন