টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা সেতু মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় এক ভ্যানগাড়ি চালকসহ ২ জন নিহত হয়েছেন। রোববার দুপুরে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি এলাকার আমজাদ আলীর ছেলে ভ্যানচালক আমির আলী (৪০) ও ভ্যানগাড়ির যাত্রী একই এলাকায় মান্নানের ছেলে শরিফ উদ্দিন (৪১)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার যমুনা সেতু টাঙ্গাইল ঢাকা মহাসড়কের জোকারচর গোহালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ভ্যানগাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল-এ নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আমির আলীকে ঢাকায় নেওয়ার সময় মারা যান।
বিষয়টি নিশ্চিত করে যমুনা সেতু পূর্ব থানার এসআই শরিফুল ইসলাম জানান, টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে জোকারচর এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এরপর আহত দুজন চিকিৎসারত অবস্থা মারা যান।
এএন