যুবদল নেতার বাড়ি থেকে চুরি হওয়া ট্রাকের খণ্ডাংশ উদ্ধার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৯:০৬ পিএম

চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে চুরি হওয়া একটি ট্রাকের খণ্ডিত অংশ ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

সোমবার জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এর আগে রবিবার রাতভর চট্টগ্রামের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোনাগাজীতে ওই যুবদল নেতার বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে চুরি হওয়া ট্রাকের বিভিন্ন অংশ উদ্ধার করেন পুলিশ কর্মকর্তারা।

ট্রাকের মালিক মো. হারুন মিয়া জানান, গত ৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে ট্রাকটি চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে চুরি হয়। পুলিশের অভিযানে আটক হওয়া চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইকান্দি গ্রামের ওই পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে বাড়ির পরিত্যক্ত স্থান ও পুকুর থেকে ট্রাকের কেটে ফেলা অংশগুলো উদ্ধার করা হয়। এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা ইমাম হোসেন প্রবীর দাবি করেন, তিনি ওই বাড়িতে গত ১৭ বছর ধরে থাকেন না। ষড়যন্ত্র করে কেউ এই কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম ইপিজেড থানার উপ-পরিদর্শক আল আমিন মিয়া জানান, তদন্তে দেখা গেছে ট্রাকটি চট্টগ্রাম থেকে ফেনীর লালপোল হয়ে সোনাগাজীর ওই বাড়িতে আনা হয়। ট্রাকটি কেটে টুকরো করে বিক্রি করার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

পুলিশ জানায়, এই ঘটনায় আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উল্লেখ্য, বহিষ্কৃত যুবদল নেতা ইমাম হোসেন প্রবীর ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি জসিম চেয়ারম্যানের ছোট ভাই।

জেএইচআর