মন্ত্রণালয় চালানোর পূর্বের অভিজ্ঞতা আর নিজ আসন এলাকাসহ উত্তরের মানুষের কাছে বিপুল জনপ্রিয়তার কারণে আসাদুল হাবিব দুলু বিএনপি সরকারের মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন পূর্ণ মন্ত্রী হিসেবে। তিনি সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার বিকালে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
লালমনিরহাট-৩ আসনের নবনির্বাচিত সাংসদ দুলু বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি।
আসাদুল হাবিব দুলু নিজ আসনে বিপুল জনপ্রিয়। তাঁর সাংগঠনিক দক্ষতা, জনকল্যাণমুখী আন্দোলন আর ঈর্ষণীয় ব্যক্তিত্বের কারণে দল-মত নির্বিশেষে তাঁকে জনপ্রিয় নেতা হিসেবে খেতাব এনে দিয়েছে।
এছাড়া সংসদীয় রাজনীতি ও দেশ পরিচালনার অভিজ্ঞতা তাঁর নতুন নয়। এর আগেও তিনি ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে লালমনিরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। সে সময় উত্তরবঙ্গের মঙ্গা নিরসন এবং ত্রাণ ব্যবস্থাপনায় তার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। তবে এবার তিনি রাষ্ট্রীয় দায়িত্বে ফিরেছেন আরও বড় পরিসরে, একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে।
আসাদুল হাবিব দুলু ১৯৫৭ সালে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়িতে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা এই নেতা কর্মজীবনে একজন শিক্ষাবিদ। তিনি লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন, যে কারণে সর্বমহলে তিনি ‘অধ্যক্ষ’ হিসেবেই বেশি পরিচিত।
এএন