হবিগঞ্জে র‍্যাব ও বিজিবির পৃথক অভিযানে ১২৩ কেজি গাঁজা জব্দ,আটক ২

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৪:৩৮ পিএম

হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি অভিযানে ১২৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

শুক্রবার পৃথক দুটি স্থানে অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটো রিকশাও জব্দ করা হয়।

র‍্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুরের নয়াপাড়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি সন্দেহভাজন সিএনজিকে সিগন্যাল দিলে চালক ও আরোহী পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ফারুক মিয়া (৩০) ও রঞ্জু মিয়া (২৮) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। 

আটককৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। তল্লাশি চালিয়ে তাদের সিএনজি থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর তেলিয়াপাড়া বিওপির একটি চৌকস টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। সীমান্ত রেখার অভ্যন্তরে বান্ডারুয়া নামক এলাকায় কয়েকজন মাদক পাচারকারীকে বস্তা নিয়ে আসতে দেখে বিজিবি ধাওয়া দেয়।

ধাওয়া খেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৭৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই গাঁজার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৫৫ হাজার ৫ শত টাকা।

মাদক দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর