উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি  প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০১:৩৩ পিএম

ঢাকা–বরিশাল মহাসড়ক-এর উজিরপুর উপজেলার জয়শ্রী সাজু পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টা থেকে ৬টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাত একটি দ্রুতগামী যানবাহন প্রায় ৫২ বছর বয়সি এক ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পথচারীরা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে, নিহত ব্যক্তির কপাল, চোখের বাম পাশ, ডান হাত ও বাম পায়ে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্তে সর্বোচ্চ চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত যানবাহন চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহ হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এএন