পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরাসরি বাজার তদারকিতে নেমেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান।
মঙ্গলবার সকালে মাদারীপুর পৌর শহরের ইটেরপুল বাজারসহ বিভিন্ন এলাকায় তিনি এই ঝটিকা পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তা রুবেল হোসেন। তাঁরা বাজারের মুদি দোকান, কাঁচাবাজার, ফল ও মাছ-মাংসের দোকানগুলো ঘুরে দেখেন। এমপি জাহান্দার আলী জাহান সরাসরি ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং পণ্যের সরবরাহ সম্পর্কে খোঁজ নেন।
বাজার পরিদর্শন শেষে সংসদ সদস্য বলেন, বিশ্বের অধিকাংশ দেশে রমজানে পণ্যের দাম কমানো হলেও আমাদের দেশে উল্টো চিত্র দেখা যায়। অসাধু উপায়ে ক্রেতাদের জিম্মি করে ব্যবসা করার দিন শেষ। যারা কৃত্রিম সংকট তৈরি করবে বা অতিরিক্ত মূল্য নেবে, তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি সতর্ক করেন।
তিনি আরও নির্দেশ দেন যে, প্রতিটি দোকানে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানাতে হবে এবং সেই তালিকা অনুযায়ী বিক্রি নিশ্চিত করতে হবে। বাজার ব্যবস্থাপনায় অনিয়মের দায়ে এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করে। এর মধ্যে বিসিক শিল্প নগরীর মেসার্স সোনালী খাদ্য ভান্ডারকে ১৫ হাজার টাকা এবং ইটেরপুল বাজারের তালুকদার এন্টারপ্রাইজকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল জানান, জনস্বার্থে এই অভিযান নিয়মিত পরিচালিত হবে। রমজানের শুরুতেই সংসদ সদস্যের এমন সরাসরি হস্তক্ষেপে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিয়মিত মনিটরিং অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হয়।
জেএইচআর