মিয়া গোলাম পরওয়ার

নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ: জামায়াতকে ৫০ আসনে হারানো হয়েছে

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৭:০৭ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফল গণনার সময় ব্যাপক 'ইঞ্জিনিয়ারিং' করা হয়েছে।

জামায়াতের বিজয় ঠেকাতে প্রায় ৫০টিরও বেশি আসনে পরিকল্পিতভাবে সামান্য ব্যবধানে তাদের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান। ইনসাফ ও সত্য উন্মোচনের লক্ষ্যে দলটি এখন নির্বাচনী ট্রাইব্যুনাল ও উচ্চ আদালতের শরণাপন্ন হবে।

শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়স্থ তারেক স্মৃতি অডিটোরিয়ামে মহানগর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, অন্যবারের মতো এবার ভোটকেন্দ্রে যেতে বাধা বা বড় কোনো সহিংসতার ঘটনা ছিল না। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিয়েছেন। কিন্তু রাত ৯টার পর রহস্যজনকভাবে মিডিয়াতে ফলাফল প্রচার বন্ধ করে দেওয়া হয়। মূলত ভোট গণনা, ফলাফল তৈরি ও ঘোষণার সময় কারচুপি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, অনেক কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তারা ভোট শেষ হওয়ার আগেই এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে নিয়েছেন। পরবর্তীতে রেজাল্ট শিটে ঘষামাজা করে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জামায়াত নেতা বলেন, দেশের ৫০টিরও বেশি সংসদীয় আসনে আমাদের প্রার্থীদের ১ হাজার থেকে ৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। সেসব আসনের ব্যালট পেপার হেফাজত করে পুনরায় ভোট গণনার দাবি জানান তিনি।

১১-দলীয় জোটের অংশ হিসেবে সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমরা জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সংসদে জনগণের কথা বলব। সরকারের ভালো কাজে সহযোগিতা করা হবে, কিন্তু জুলুম ও অন্যায়ের তীব্র প্রতিবাদ জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচন-পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের ওপর হামলা ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। সরকারকে এসব সহিংসতা কঠোর হাতে দমন করার আহ্বান জানান তিনি। এ ছাড়া সরকারি সুযোগ-সুবিধা বিতরণে দলীয়করণ না করার জন্য সরকারকে সতর্ক করেন তিনি।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর আব্দুল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার।

জেএইচআর