ফেনীতে উৎসবমুখর পরিবেশে দুই দিনব্যাপী ক্বেরাত, আজান ও হামদ-নাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার শহরের জেলা শিল্পকলা একাডেমিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় দৈনিক ‘ফেনীর সময়’ চতুর্থবারের মতো এই আয়োজনটি করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক। দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিয়া উদ্দিন আহমেদ মিষ্টার।
প্রতিযোগিতায় ক, খ ও গ গ্রুপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং উন্মুক্ত বিভাগে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪০০ প্রতিযোগী অংশ নেয়। বিজয়ী ৪৫ জন প্রতিযোগীর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এর আগে রবিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার।
জেলা প্রশাসক মনিরা হক বলেন, শিক্ষার্থী অবস্থায় আমরা যে সময় পার করি, সেটিই জীবনের শ্রেষ্ঠ সময়। ভবিষ্যতে আমরা কী হবো, তার প্রথম পদক্ষেপ তখনই রচিত হয়। দৈনিক ফেনীর সময়ের এই আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে দারুণ সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির মুফতি আবদুল হান্নান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমুস সাকিব এবং জেলা সাংস্কৃতিক কর্মকর্তা সুদীপ্তা চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী আশ্রাফুল হক আরমান।
সমাপনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতি আবদুল হান্নান। এতে আয়োজক কমিটির সদস্য, প্রতিযোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।
জেএইচআর