চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের ১৬ ঘণ্টা পর নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন স্বজনরা।
নিহত নাদিয়া আক্তার স্থানীয় মুন ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। গত রোববার (১ মার্চ) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
শিশুটির দাদা বাচ্চু মিয়া জানান, দুপুরে বাড়িতে ফেরার কিছু সময়ের মধ্যেই নাদিয়া নিখোঁজ হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা চারদিকে ব্যাপক তল্লাশি চালান। খবর পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজাহান মিয়া ঘটনাস্থলে এসে অনুসন্ধান কার্যক্রমে অংশ নেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আজ বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটির জুতা ভাসতে দেখা যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে নাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। নাদিয়ার বাবা নবীর হোসেন বর্তমানে সৌদি প্রবাসী। একমাত্র মেয়ের এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বলেন, শিশুর মরদেহ উদ্ধার হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
জেএইচআর