গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই নারী দালালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে হাসপাতাল চত্বরে অভিযান চালিয়ে শেফালি আক্তার ও সুমি আক্তার নামে দুইজনকে হাতেনাতে আটক করে এই দণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আবুল হাছনাত এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন জানান, সম্প্রতি মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য বেড়েছে বলে কর্তৃপক্ষের নজরে আসে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া মৌখিক অভিযোগের প্রেক্ষিতে এই আকস্মিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে বিভ্রান্ত করা ও হয়রানি বন্ধে তাঁদের এই তৎপরতা অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্ত দুই নারীকে সাজা প্রদানের পর জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। হাসপাতালের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
জেএইচআর