রাজশাহীতে পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৭:৫০ পিএম

রাজশাহী মহানগরীর কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

গ্রেপ্তাররা হলেন- মো. মিঠু ইসলাম (৩৩), মো. নিশার আহম্মেদ সাগর (২৭), মো. জিম (২৫) এবং মো. জনি (৩৬)। তারা সবাই বর্তমানে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বসবাস করছেন বলে পুলিশ জানায়।

আরএমপি সূত্রে জানা গেছে, গত ১ মার্চ রাতে কর্ণহার থানার ধর্মহাটা এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ২ মার্চ রাত দেড়টার দিকে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় একটি পুলিশ চেকপোস্টে তল্লাশিকালে বাকি তিনজনকে আটক করা হয়।

চেকপোস্টে গ্রেপ্তারদের দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ মিলিলিটার দেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক কেনাবেচা ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে আরএমপি জানিয়েছে।

জেএইচআর