রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদগাহে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আলাউদ্দিন নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার সাঁকোয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন সাঁকোয়া গ্রামের মৃত মালা বক্সের ছেলে। তিনি সাকোয়া বাকশৈল জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদে তারাবির নামাজের আগে আসন্ন ঈদের নামাজে ইমাম নির্ধারণ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন। বৈঠকে ইমাম নিয়োগ নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে তা নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
মোহনপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল আওয়াল দাবি করেন, নিহত আলাউদ্দিন তাদের দলের কর্মী ছিলেন। বিএনপির নেতাকর্মীদের হামলায় তাদের কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
অন্যদিকে কেশরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, ইমাম নিয়োগ নিয়ে উত্তেজনার জেরে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় আলাউদ্দিন অসুস্থ হয়ে পড়লে পরে তার মৃত্যু হয়।
ঘটনার পর বিক্ষুব্ধ জামায়াত নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন বলে জানান মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন।
তিনি বলেন, অবরোধের সময় একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এএন