ঘোড়াঘাটে বাসি মাংস বিক্রির দায়ে কসাইকে ১০ হাজার টাকা জরিমানা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০৪:৪১ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে মৃত গরুর মাংস বিক্রির গুজবের সূত্র ধরে অভিযান চালিয়ে বাসি মাংস বিক্রির প্রমাণ পাওয়ায় এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে পৌরশহরের ওসমানপুর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত কসাইয়ের নাম লেবু মিয়া (৩৮), তিনি পৌর এলাকার নূর জাহানপুর গ্রামের বাসিন্দা এবং ওসমানপুর বাজারে মাংসের ব্যবসা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওসমানপুর বাজারে এক কসাই মৃত গরুর মাংস বিক্রি করছেন এমন একটি খবর এলাকায় ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রবিউল ইসলাম জব্দকৃত মাংস পরীক্ষা করেন। পরীক্ষায় দেখা যায়, দোকানে থাকা মাংসগুলো কয়েক দিনের পুরনো ও বাসি। তবে মৃত গরুর মাংস বিক্রির প্রাথমিক অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। জনস্বাস্থ্য বিবেচনায় বাসি মাংস বিক্রির অপরাধে কসাই লেবু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন জানান, নিয়ম অনুযায়ী প্রাণিসম্পদ কর্মকর্তার পরীক্ষা ছাড়া কোনো পশু জবাই করা যাবে না এবং কোনোভাবেই বাসি মাংস বিক্রি করা চলবে না।

জনস্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। একইসঙ্গে তিনি বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।

জেএইচআর