পার্বত্য মন্ত্রী

প্রধানমন্ত্রীর চিন্তার ফসল এই ফ্যামিলি কার্ড

বান্দরবান প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৫:৪৫ পিএম

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনার ফসল এই ফ্যামিলি কার্ড।

মঙ্গলবার সকালে লামা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনগণের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রথম ধাপে অতি দারিদ্র্য ও দুর্যোগ প্রবণ এলাকায় বসবাসকারীদের অগ্রাধিকার দিয়েছেন। এ কাজে বান্দরবানের লামা উপজেলা প্রথম ধাপে বেছে নেওয়া হয়েছে। সমন্বিত উন্নয়নের লক্ষ্যে পাহাড়ি বাঙ্গালীদের মাঝে এই কার্ড বিতরণ করা হচ্ছে। আমরা আসছি জনগণের সেবা করার জন্য, আমরা একে অপরের পরিপূরক।”

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, “আমরা এখন জনগণের সেবক। জনগণের সেবার উদ্দেশ্যেই আমরা ক্ষমতায় এসেছি। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না।”

এ সময় বান্দরবান-৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বলেন, “সারা বাংলাদেশে এটি একটি অভূতপূর্ব ঐতিহাসিক মাইলফলক। মাননীয় প্রধানমন্ত্রী লন্ডন থাকাকালীন যে পরিকল্পনা করেছেন, সেটি বাস্তবায়ন করেছেন। আমরা ভাগ্যবান যে এই পরিকল্পনায় বান্দরবানের লামাকে যুক্ত করা হয়েছে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী মা-বোন, ফলে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরই প্রথম অগ্রাধিকার দিয়েছেন। জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত মায়েদের ভূমিকা অপরিসীম।”

প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান উপকারভোগী পরিবারগুলোর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরী। এছাড়া বান্দরবান জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রথম ধাপে লামা উপজেলার দুর্গম ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ হাজার ৯৭টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এদিন প্রথম ধাপে ৮ শতাধিক পরিবারের হাতে কার্ড হস্তান্তর করা হয়েছে। উপকারভোগীরা ফ্যামিলি কার্ড হাতে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এএন