টাঙ্গাইলে টপটেন ও মেঘামার্টসহ ৩ শোরুমকে লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৬:৪৫ পিএম

ঈদকে সামনে রেখে দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রি এবং নকল পণ্য রাখার দায়ে টাঙ্গাইলের তিনটি নামিদামি শোরুমকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে শহরের জেলা সদর রোডের বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে অভিযান চালিয়ে এই দণ্ড দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান চলাকালে বিবন্ড, টপটেন ও মেঘামার্ট শোরুমে চীন ও ভারতসহ বিভিন্ন দেশের নকল পাঞ্জাবি ও প্যান্ট বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া বেশ কিছু শোরুমে নামিদামি ব্র্যান্ডের নকল পারফিউম ও কসমেটিকস জব্দ করা হয়। এসব অপরাধে বিবন্ডকে ৫০ হাজার টাকা, টপটেনকে ৫০ হাজার টাকা এবং মেঘামার্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, সাধারণ ক্রেতাদের প্রতারণার হাত থেকে বাঁচাতে এই অভিযান চালানো হয়েছে। অন্য ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

জেএইচআর